ডিজিটাল লেনদেনে আন্তঃপরিচালন সুবিধা দাবি
ডিজিটাল আর্থিক লেনদেন সেবায় আন্তঃপরিচালন সুবিধা চেয়েছেন খাত সংশ্লিষ্টরা। একইসঙ্গে এই খাতের বিকাশে সরকারের আর্থিক প্রণোদনাও প্রত্যাশা করেছেন তারা। পরামর্শ দিয়েছেন একটি পরামর্শক কমিটি গঠনের।
শনিবার ব্যাংকার, এমএফএস এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশ গ্রহণে আয়োজিত “ডিজিটাল বাংলাদেশ ২০২১, পেমেন্ট সিস্টেম এন্ড ফিনটেক” শীর্ষক সেমিনারে এসব দাবি তুলে ধরেন বক্তারা।
আলোচনায় অংশ নিয়ে আর্থিক খাতের সাইবার সুরাক্ষায় ব্যাংকগুলোকে অগ্রজ ভূমিকায় থাকতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।
ক্যাশলেশ লেনদেন জনপ্রিয় করতে এই খাতে সরকারি প্রণোদনার দাবি তুলেন ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো: শিরিন।
বক্তব্যে ডিজিটাল আর্থিক লেনদেন খাতে ব্যবসায়ের সমান্তরাল অবস্থান তৈরির ওপর গুরুত্বারোপ করেন মাস্টার কার্ড এর বাংলাদেশ প্রতিনিধি কামাল সাঈদ।
ডিজিটাল শিল্প বিপ্লবে এগিয়ে থাকতে ডিজিটাল লেনদেনে চার্জ এক অঙ্কে নামিয়ে আনার প্রস্তাব দেন নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভির মিশুক।
অপরদিকে ডিজিটাল বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে ২০২১ সালকে ডিজিটাল পেমেন্ট দিবস ঘোষণার আহ্বান জানান ভিসা’র কান্ট্রি ম্যানেজার রাম চন্দ্র।
সবার সব দাবি শুনে আর্থিক প্রতিষ্ঠান গুলোকে গ্রাহককে বাংলায় ক্ষুদে বার্তা পাঠাতে আাহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।